খুলনায় বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্য মো. মামুন শেখের কার্যালয়ে বোমা ও গুলি হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং মামুন শেখ গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে আড়ংঘাটা থানার ফুলবাড়িগেট এলাকার কুয়েটের পকেটগেট সংলগ্ন খানাবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহতের নাম ইমদাদুল হক (৫৫)। তিনি মামুন শেখের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে দুটি মোটরসাইকেলে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত এসে মামুন শেখের কার্যালয়ের সামনে বোমা নিক্ষেপ করে এবং পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মামুন শেখ। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালান। সেখানে একটি অবিস্ফোরিত বোমা ও তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাশার বলেন, হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের জের ধরেই এ হামলা হতে পারে।
খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, আমাদের যোগীপোল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মামুন শেখের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ হতে পারে।
যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু জানান, শুনেছি মামুন ভাইকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পর ফুলবাড়িগেট, খানাবাড়ি ও কুয়েট সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
