আট জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষক দলের দুই নেতাসহ ১৩ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষক দলের দুই নেতা, রাজশাহীর চারঘাটে তিনজন, বাগেরহাটের রামপালে দুইজন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুইজন, ঝালকাঠির নলছিটিতে দুইজন, বগুড়ার দুপচাঁচিয়ায় একজন এবং নীলফামারীতে একজন।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের রায়গঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কৃষক দলের দুই নেতা নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা নাহার এগ্রো কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া গ্রামের ওমর ফারুক (৩৮) এবং ডুমরাই মধ্যপাড়া গ্রামের ফরিদুল ইসলাম। ওমর ফারুক ছিলেন ইউনিয়ন কৃষক দলের দপ্তর সম্পাদক এবং ফরিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্র জানায়, তারা মোটরসাইকেলে ভূঁইয়াগাঁতী থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, ঘাতক যানটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে।
চারঘাট (রাজশাহী):
রাজশাহীর চারঘাটে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শলুয়া ইউনিয়নের চামটা এলাকার তুহিন আলী (২৫), মারুফ আলী (১৮) ও এসকে বাদাল গ্রামের শিমুল আলী (২৫)। চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রামপাল (বাগেরহাট):
বাগেরহাটের রামপালে তেতুলিয়া ব্রিজের কাছে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোচালক ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২) নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সরাইল থানার ওসি মুরশেদুল আলম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দুপচাঁচিয়া (বগুড়া):
বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিল্টন ওরফে লাদেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনাহার ইউনিয়নের কামারু গ্রামের বাসিন্দা। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়।
ভৈরব (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আজিজ সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নীলফামারী:
নীলফামারীর সদর উপজেলায় বাসের ধাক্কায় রাশেদ পারভেজ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কের দাড়োয়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ উত্তরা ইপিজেডের ইপিএফ প্রিন্টিং লিমিটেডে কর্মরত ছিলেন। সদর থানার ওসি এম আর সাঈদ জানান, ঘাতক বাসটি শনাক্তের কাজ চলছে।
ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটিতে বাস, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে র্যাব সদস্য আনোয়ার আকন (৩৮) নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিকাল সাড়ে ৩টার দিকে দপদপিয়া ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে প্রতাপ এলাকায় আলাদা ঘটনায় আয়ফুল বেগম (৭০) নামে এক পথচারী গাড়ির ধাক্কায় নিহত হন। নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, দুইটি ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
