আগামী চার-পাঁচ দিনের মধ্যে বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক না হলে আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রায় ২৮০০টি আমদানির আবেদন জমা রয়েছে।
শেখ বশিরউদ্দীন বলেন, দুই সপ্তাহ ধরে পেঁয়াজের দামে উল্লম্ফন দেখা দিয়েছে। আমরা বাজারের ওপর তীক্ষ্ণ নজর রাখছি। যদি দাম প্রয়োজনীয়ভাবে কমে না আসে, আমরা আমদানি অনুমোদন দেব।
তিনি আরও জানান, আগামী চার-পাঁচ দিনের মধ্যে বাজার পর্যবেক্ষণ করা হবে এবং এই সময়ের মধ্যে দাম স্বাভাবিক না হলে আমদানির প্রক্রিয়া শুরু করা হবে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম একপর্যায়ে ৩৫-৪০ টাকা পর্যন্ত নেমেছিল, যা কৃষকদের জন্য উপযুক্ত ছিল না। দীর্ঘ সময় দাম ৬০-৬৫ টাকার মধ্যে ছিল। সরকারের পক্ষ থেকে পেঁয়াজ সংরক্ষণের সুবিধা নিশ্চিত করতে ১০ হাজার হাইফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে মৌসুমের শেষ, হঠাৎ ভারী বৃষ্টি, পেঁয়াজ সংরক্ষণের সময় ওজন কমে যাওয়া ইত্যাদি।
