বরগুনার বেতাগীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অবক্ষয় রোধ এবং একটি নৈতিক সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের অপরিহার্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গতকাল বুধবার ( ১২ই নভেম্বর) বিকেলে পৌর অডিটোরিয়াম মাঠে এই গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেতাগী উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুল ইসলাম সোহরাবের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক মো: শাহাদাৎ হোসেন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: সুলতান আহমেদ।
ডা: সুলতান আহমেদ তার বক্তব্যে বলেন, দেশে ন্যায়-নিষ্ঠা ও নৈতিকতার চর্চা পুনঃপ্রতিষ্ঠা করতে হলে ইসলামী আদর্শের বিকল্প নেই। সমাজে শান্তি ও স্থিতিশীলতা আনতে হলে প্রতিটি নাগরিককে ইসলামী চেতনায় উজ্জীবিত হতে হবে। তিনি সমাজের সকল স্তরে ইসলামী মূল্যবোধের প্রতিষ্ঠা ও অনুশীলনের ওপর জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর বরগুনা জেলা নায়েবে আমির মাওলানা মো: আফজালুর রহমান, বরগুনা জেলার সাবেক আমির মাওলানা আবু জাফর মো: সালেহ, জেলা সেক্রেটারি মো: আসাদুজ্জামান আল মামুন, বামনা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন, বরগুনা জেলা ছাত্রশিবির সভাপতি এম হাসিবুর রহমান, উপজেলা আমির মাওলানা শহিদুল ইসলাম এবং বেতাগী পৌর শাখার সভাপতি আব্দুল মতিন।
সমাবেশে বক্তারা তরুণ সমাজকে নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত করে একটি সুশীল সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, ইসলামী শিক্ষাই পারে একটি উন্নত ও শান্তিময় সমাজ নিশ্চিত করতে।
সমাবেশের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বুদ্ধিজীবী ও সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
