ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম ব্যাপারী। তিনি এর আগে সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর ২৮(২) ধারা অনুযায়ী মো. আব্দুস সালাম ব্যাপারীকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার। তাঁর নিয়োগ ১১ নভেম্বর অথবা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
এর আগে গত ৩০ অক্টোবর ঢাকা ওয়াসার তৎকালীন এমডি মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। ওইদিনই জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করে।
চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শাহজাহান মিয়াকে ডিএসসিসির প্রশাসক এবং পরে ১৮ মে ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
নতুন নিয়োগের ফলে এখন থেকে ঢাকা ওয়াসার প্রশাসনিক ও কার্যক্রমের নেতৃত্ব দেবেন প্রকৌশলী মো. আব্দুস সালাম ব্যাপারী।
