জুলাই মাসের গণঅভ্যুত্থান দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করা হয়।
৪৫৩ পৃষ্ঠার বিস্তারিত রায়ের প্রথম অংশ পাঠ করেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী, দ্বিতীয় অংশ পাঠ করেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং শেষাংশ পাঠ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার।
এর আগে গত ২৩ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপনের পর রায়ের তারিখ নির্ধারণের উদ্দেশ্যে ১৩ নভেম্বর দিন ধার্য করা হয়। পরবর্তী সময়ে ওই দিন রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর চূড়ান্ত তারিখ ঠিক করা হয়।
রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। পলাতক দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আদালতে বক্তব্য উপস্থাপন করেন।
চলতি বছরের ১০ জুলাই মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে আবেদন করলে তা মঞ্জুর করা হয়।
