বিএনপির প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহার নিয়ে এনসিপির আপত্তি

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশ নিয়ে এ দাবি জানায় দলটি।

সংলাপে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাছির উদ্দিন।

জহিরুল ইসলাম মুসা বলেন, দলীয় প্রধানের ছবি ব্যবহারে কোনো আপত্তি নেই। বিএনপির ক্ষেত্রে দলের প্রধান খালেদা জিয়ার ছবি ব্যবহার করা স্বাভাবিক। তবে বিভিন্ন পোস্টার, প্রচারপত্র ও বিলবোর্ডে তারেক রহমানের ছবি ব্যবহারের বিষয়টি তারা ইসির নজরে এনেছেন।

তাঁর অভিযোগ ‘আইন অনুযায়ী প্রার্থী নিজের ছবি, প্রতীকের ছবি ও দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করতে পারেন না। কিন্তু বিএনপির প্রার্থীরা নিয়ম ভঙ্গ করছেন। ইসি এ বিষয়ে কতটা কঠোরভাবে আইন প্রয়োগ করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।’

তিনি আরও বলেন, ইসির সক্ষমতা নির্ভর করবে তারা বিএনপিকে এ নিয়ম মানাতে পারে কি না। রাজনৈতিক দলগুলোর জন্য সমান নীতিমালা প্রয়োগের দাবি জানান তিনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী সংলাপে গণভোট প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের দিন গণভোটের আয়োজন থাকার কথা হলেও ইসির পক্ষ থেকে এখনো কোনো প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

তার দাবি ‘ইসি এখনো গণভোট আয়োজনের প্রক্রিয়া শুরু করেনি। দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেওয়া জরুরি।’

ইসির সঙ্গে এই সংলাপে অংশ নিয়ে এনসিপি নির্বাচনী বিধিমালা বাস্তবায়ন ও গণভোট প্রস্তুতির বিষয়গুলোতে কমিশনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানায়।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *