হংকংয়ের তাই পো জেলায় একটি আবাসিক হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ ও আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আরও ২৯ জনকে। ঘটনা পরবর্তী হিসাব অনুযায়ী এখনও অন্তত ২৭৯ জনের খোঁজ মিলছে না। বুধবার স্থানীয় সময় বিকেলে ওয়াং ফুক কোর্ট নামে পরিচিত আবাসিক এলাকার সাতটি বহুতল ভবনে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে এই বিপর্যয় ঘটে। খবর—বিবিসি, সিএনএন।
হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের আট শতাধিক কর্মী মাঠে নামেন। দীর্ঘ কয়েক ঘণ্টার সংগ্রামের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ধ্বংসস্তূপে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার কাজ চলছে।
তাই পো জেলার স্বরাষ্ট্র বিভাগের কর্মকর্তা ইউনিস চান হাউ-ম্যান এক সংবাদ সম্মেলনে জানান, পুরো আবাসিক কমপ্লেক্স থেকে ৭০০ জনেরও বেশি বাসিন্দাকে দ্রুত সরিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
হংকং পুলিশ জানায়, আগুন নেভানোর সময় দমকল বাহিনীর একজন সদস্য প্রাণ হারান। অগ্নিকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
গত তিন দশকের মধ্যে এটিই হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
ওয়াং ফুক কোর্ট বেসরকারি একটি হাউজিং কমপ্লেক্স, যেখানে আটটি বহুতল ভবনে প্রায় দুই হাজার অ্যাপার্টমেন্ট রয়েছে। আদমশুমারি অনুযায়ী, এখানে ৪ হাজার ৬০০ জনের বেশি মানুষ বাস করেন যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ শিশু ও প্রবীণ বাসিন্দা।
