চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের কমিশনপ্রাপ্তির রাষ্ট্রপতি কুচকাওয়াজ। মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন, প্যারেডের সালাম গ্রহণ এবং কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, কমিশন লাভের মাধ্যমে নবীন অফিসারদের কাঁধে ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। তিনি আরও জানান, সেনাবাহিনীকে একটি দক্ষ, সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এবার মোট ২০৪ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন এর মধ্যে ৮৯তম দীর্ঘমেয়াদি কোর্সের ১৮৪ জন এবং ৬০তম স্পেশাল কোর্সের ২০ জন। নবীন কর্মকর্তাদের মধ্যে ১৮৩ জন পুরুষ এবং ২১ জন মহিলা অফিসার রয়েছেন।
৮৯তম কোর্সের কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক সেরা চৌকস ক্যাডেট হিসেবে ‘সোর্ড অব অনার’ এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন।
শপথ গ্রহণ শেষে নবীন অফিসারদের পিতা-মাতা ও অভিভাবকরা তাদের র্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার এবং বিএমএ কমান্ড্যান্ট প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান।
কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, সদ্য কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের পরিবার এবং গণমাধ্যম প্রতিনিধিরা।
