বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান। সন্ধ্যা সাতটার কিছু পর তিনি হাসপাতালে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, প্রধান উপদেষ্টা পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিচতলায় তাকে স্বাগত জানান। পরে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার তাকে সরাসরি খালেদা জিয়ার কাছে নিয়ে যান।
এর আগের দিন মঙ্গলবার রাতে খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা। তারা মেডিকেল বোর্ড সদস্যদের সঙ্গে কথা বলে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন এবং রাত ৯টা ২০ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে, এবং পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
এদিকে লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান নিয়মিত চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। হাসপাতালে খালেদা জিয়ার পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।
