ভারতীয় মহিলা ক্রিকেটের তারকা ওপেনার স্মৃতি মান্দানা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে তার বিয়ে স্থগিত করা হয়ে শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। কিছু দিন ধরেই তাদের বিয়ে ঘিরে নানা আলোচনা চলছিল।
গত ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা থাকলেও মান্দানার বাবার হঠাৎ অসুস্থতার কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। শেষ পর্যন্ত উভয় পরিবার সিদ্ধান্ত নেন, এই মুহূর্তে বিয়ে আর করা হবে না।
স্মৃতি মান্দানা লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে। আমি খুবই ব্যক্তিগত প্রকৃতির, তবে স্পষ্ট করে বলতে চাই—বিয়ে বাতিল হয়েছে। আমি চাই সবাই এই বিষয়ে গোপনীয়তা বজায় রাখুন।’ তিনি আরও বলেন, ‘আমাদের দুই পরিবারকে সম্মান জানিয়ে আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি আশা করি, ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব।’
প্রসঙ্গত, মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মহিলাদের এক দিনের বিশ্বকাপজয়ের পর পিচে দাঁড়িয়েই পলাশ মুচ্ছল মান্দানাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পরে তার বিরুদ্ধে একাধিক সম্পর্কের অভিযোগ ওঠে। নানা গুঞ্জনের মধ্যে স্মৃতি আজ নিজেই নিশ্চিত করলেন—বিয়ে আর হচ্ছে না।
