সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নিকুঞ্জ–১ এলাকার বাসভবনের সাজসজ্জার নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সংবাদ সম্মেলনে জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য ইতিমধ্যেই একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ছয় নম্বর প্লটে তিন তলা ডুপ্লেক্স বাড়িতে সাবেক রাষ্ট্রপতি ২০২৩ সালের এপ্রিল মাসে সপরিবারে উঠেছেন। অভিযোগে বলা হয়েছে, বাড়ির পার্শ্ববর্তী সড়কে বাঁধা, নান্দনিক ডেক, ঝুলন্ত ব্রিজ এবং খাল সংলগ্ন আধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা হয়েছে।
দুদকের মহাপরিচালকের বরাত দিয়ে জানানো হয়েছে, ব্যক্তিগত বাসভবনের শোভাবর্ধনের জন্য এসব অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ফলে প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ২৪ কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি হয়েছে। বর্তমানে এই অভিযোগের প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান প্রক্রিয়া শুরু হয়েছে।
