আসন্ন আইপিএল নিলামের জন্য প্রকাশিত ৩৫০ জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন তিনি। তবে সাকিবের অনুপস্থিতিতেও বাংলাদেশ থেকে সাতজন ক্রিকেটার নিলামের মূল তালিকায় স্থান পেয়েছেন।
সবচেয়ে বেশি নজর কাড়ছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ায় দলগুলোর আগ্রহে থাকার সম্ভাবনা তার বেশিই। ইতোমধ্যে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্স তার দর আরও বাড়াতে পারে বলে মনে করছেন ক্রিকেটবিশেষজ্ঞরা।
এ ছাড়া তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও রিশাদ হোসেন, এই পাঁচজনের ভিত্তিমূল্য রাখা হয়েছে এক লাখ ৭৫ হাজার রুপি। তারা সবাই ৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন।
বাংলাদেশের সপ্তম প্রতিনিধি হিসেবে তালিকায় জায়গা পেয়েছেন বামহাতি স্পিনার রাকিবুল হাসান। এখনো জাতীয় দলে অভিষেক না হলেও তিনি নিলামে উঠছেন ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে।
