ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুর্ঘটনায় নিহত ৩৬ জনের পরিবারকে প্রতিটি ক্ষেত্রে ২০ লাখ টাকা করে আর আহতদের ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, যেসব আহত ব্যক্তির দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজন হবে, তাদের জন্য সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে আহতদের চিকিৎসা নিশ্চিতে বিশেষ নিবন্ধন কার্ড সরবরাহ করা হবে।
