শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং তদন্তে আন্তর্জাতিক মানের পেশাদার গোয়েন্দা সংস্থা এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের সহায়তা নেওয়ার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
সোমবার দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত আইজিপির ব্রিফিং ও হত্যাকাণ্ড নিয়ে প্রশাসনের বক্তব্য প্রত্যাখ্যান করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
সংবাদ সম্মেলনে ফাতিমা তাসনিম জুমা বলেন, ১১ দিন পার হলেও খুনি, পরিকল্পনাকারী ও মদদদাতাদের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা আসেনি। এ বিষয়ে সরকারের জবাবে তারা সন্তুষ্ট নন বলে জানান তিনি।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আব্দুল্লাহ আল জাবের বলেন, দ্রুত একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং সেই ট্রাইব্যুনালের কার্যক্রমে আন্তর্জাতিক মানের পেশাদার গোয়েন্দা সংস্থার সহায়তা নিশ্চিত করতে হবে। এই দুটি দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দুপুর ৩টায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিচার নিশ্চিত না হলে সরকারকে আর সমর্থন দেওয়া হবে না।
কঠোর ভাষায় আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তদন্তে কারা বাধা দিয়েছে তা প্রকাশ না করে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, এত বড় একটি হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান জনগণ জানতে পারেনি। নির্বাচন দেওয়ার আগে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে, এর আগে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সংশ্লিষ্ট সব উপদেষ্টার দায়িত্বে অবহেলার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে এবং এর জন্য প্রত্যেকের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
