আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে কারণে পদত্যাগ করবেন।
মো. আসাদুজ্জামান বলেন, তিনি ইতোমধ্যে মনোনয়ন চেয়েছেন এবং নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়াবেন। পদত্যাগের পর তিনি সরাসরি নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত হবেন বলে জানান।
এর আগে গত ৫ নভেম্বর তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান সুপ্রিম কোর্টের এই আইনজীবী। মো. আসাদুজ্জামান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
