ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বিকেল পাঁচটার মধ্যে প্রার্থী নিজে অথবা তার প্রস্তাবক কিংবা সমর্থকের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
ইসির তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত মোট ৩ হাজার ১১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে এখন পর্যন্ত জমা পড়েছে ১৬৬টি মনোনয়নপত্র।
আইন অনুযায়ী, রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা ও দলীয় প্রত্যয়ন জমা দিতে হবে। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীদের সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের অন্তত ১ শতাংশের সমর্থনের তালিকা দিতে হবে। তবে যাঁরা আগে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাঁদের ক্ষেত্রে এ সমর্থন তালিকা জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই।
মনোনয়নপত্র জমার সময় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে কমিশন। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঁচজনের বেশি উপস্থিত থাকা যাবে না। একই সঙ্গে মিছিল বা শোডাউন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে এক নির্বাচন কমিশনার বলেন, শেষ দিনে এসে যদি বড় রাজনৈতিক দলগুলো ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে তফসিলের অন্যান্য তারিখ সংশোধনের প্রস্তাব দেয়, তাহলে তা বিবেচনায় নেওয়া হতে পারে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত, আর আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
