থাইল্যান্ডের উত্তর–পূর্বাঞ্চলে ভয়াবহ এক দুর্ঘটনায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন একটি ক্রেন ভেঙে পড়ায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে নাখন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলার বান থানন খোট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ব্যাংকক থেকে উবন রাতচাথানি অভিমুখে যাত্রারত একটি ট্রেনের ওপর হঠাৎ একটি বিশাল ক্রেন আছড়ে পড়ে। এতে ট্রেনের অন্তত একটি বগি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন ধরে যায়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত একটি বগির ভেতরে আরও যাত্রী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে।
নাখন রাতচাসিমার পুলিশ সুপার থাচাপোন চিন্নাওং জানান, দুর্ঘটনাস্থলে উচ্চগতির রেললাইন নির্মাণের কাজ চলছিল। সেই কাজের অংশ হিসেবে ব্যবহৃত ক্রেনটি আচমকা ভেঙে পড়ে চলন্ত ট্রেনটির ওপর আঘাত হানে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত একটি হাই-স্পিড রেল প্রকল্পের কাজ চলছিল। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগিগুলো থেকে যাত্রীদের বের করে আনতে কাজ শুরু করে।
দুর্ঘটনার কারণ নির্ণয় এবং হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
