আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার নির্বাচনী প্রতীক হিসেবে ফুটবল পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন।
প্রতীক পাওয়ার পর ডা. তাসনিম জারা সাংবাদিকদের বলেন, গত কয়েকদিনে আমি ঢাকা-৯ এলাকার বিভিন্ন এলাকায়, যেমন খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানায় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। অনেকেই প্রতিদিন জানতে চেয়েছেন, নির্বাচনের মার্কা কী এবং কিভাবে ব্যালট পেপারে আমাকে সমর্থন জানানো যাবে। আজ সেই প্রশ্নের পরিষ্কার উত্তর আমরা পেয়েছি।
তিনি আরও বলেন, আমি ফুটবল মার্কায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামীকাল থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে। আমাদের ক্যাম্পেইনের মূল থিম হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। সবাইকে দোয়া ও শুভকামনার জন্য অনুরোধ জানাচ্ছি।
এর আগে বুধবার সকাল ৯টায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৯৬৭ জন। মোট ২৯৮ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৩০৫ জন প্রার্থী।
