টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতে খেলতেই হবে, নতুবা বাদ বাংলাদেশ

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতেই হবে—এমন কঠোর অবস্থান নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অন্যথায় বাংলাদেশের পরিবর্তে বিকল্প কোনো দলকে সুযোগ দেওয়া হবে। বুধবার আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ভারতে গিয়ে বিশ্বকাপে খেলার বিষয়ে চূড়ান্ত মত জানাতে আরও একদিন সময় দেওয়া হয়েছে।আইসিসি জানিয়েছে, ২২ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত না জানালে বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প দল অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে।

ক্রিকইনফো জানিয়েছে, সভায় উপস্থিত আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে ভোটাভুটি হয়। ভোটে বাংলাদেশের ভারতে খেলা বাধ্যতামূলক করা এবং অনাগ্রহের ক্ষেত্রে বিকল্প দল নেওয়ার প্রস্তাবই বেশি সমর্থন পায়।

বাংলাদেশ অংশ না নিলে গ্রুপ ‘সি’-তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে স্কটল্যান্ড ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিপক্ষে খেলবে। যদিও স্কটল্যান্ড ইউরোপিয়ান বাছাইপর্ব পেরিয়ে মূল বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি।

আইসিসি সূত্র জানিয়েছে, বাংলাদেশ যেহেতু পূর্ণাঙ্গ সদস্য দেশ, তাই নির্বাহী সিদ্ধান্তে তাদের বাদ দেওয়া সম্ভব নয়। এজন্যই অন্যান্য পূর্ণ সদস্য দেশের মতামত নিয়ে বোর্ড সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে আইপিএল নিলামে দল পাওয়ার পরও বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বিসিবি। পরবর্তীতে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত আইসিসিকে লিখিতভাবে জানানো হয় এবং বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়।

তবে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের সব প্রস্তুতি ও লজিস্টিক ব্যবস্থা সম্পন্ন হওয়ায় সূচি পরিবর্তন বা ম্যাচ স্থানান্তর সম্ভব নয়। এ ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি। এমনকি আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেও বিসিবির অবস্থানে পরিবর্তন আনতে পারেনি।

এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে, নতুবা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *