নিরাপত্তা ঝুঁকিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, ফাইল ছবি।

নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনায় নিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, ভারতে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারের। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যে ঝুঁকি রয়েছে, তা সরকারের বিবেচ্য বিষয় এবং এসব কারণ ক্রিকেটারদের বিস্তারিতভাবে জানানো হয়েছে।

তিনি বলেন, কোনো দেশের নাগরিক অন্য দেশে গেলে সেখানে নিরাপত্তা ঝুঁকি আছে কি না—এটি নির্ধারণ করার দায়িত্ব সরকারের। এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্য কারও নেই। নিরাপত্তার প্রশ্নে সরকার কোনো আপস করতে পারে না।

বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হবে কি না এমন প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, ভারতে গিয়ে খেললে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, সেটিও সমানভাবে বিবেচনা করা জরুরি। তিনি বলেন, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ক্রিকেটার, দর্শক ও সাংবাদিকদের সম্ভাব্য ঝুঁকির মুখে ফেলে দেওয়া দায়িত্বশীল সিদ্ধান্ত হতে পারে না।

আসিফ নজরুল জানান, বাংলাদেশ আশা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ বিষয়ে ন্যায়সঙ্গত ভূমিকা নেবে। নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সুযোগ দেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বিশ্বকাপে খেলা বাংলাদেশের অধিকার।

ক্রিকেটারদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, আলোচনাটি ছিল একান্তই অভ্যন্তরীণ। ক্রিকেটারদের বক্তব্য প্রকাশ করার অধিকার তাঁর নেই। তবে সরকারের সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করাই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য এবং ক্রিকেটাররা বিষয়টি বুঝতে পেরেছেন বলে তিনি মনে করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *