ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সারা দেশে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক গণসমর্থন তৈরি হয়েছে। তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই মানুষের ঢল নামছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার রাজধানীর গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগের উদ্বোধনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন ইশরাক হোসেন।
তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইশরাক হোসেন আরও বলেন, দেশের বিদ্যমান সংকট মোকাবিলায় বিএনপির রয়েছে বাস্তব অভিজ্ঞতা ও সুস্পষ্ট পরিকল্পনা। একটি গণতান্ত্রিক, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়তে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
তিনি উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলেছে, তা শুরু হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বে সেই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটে।
নারী অধিকার প্রসঙ্গে ইশরাক হোসেন অভিযোগ করেন, সম্প্রতি একটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নারীদের নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে, যা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বিশেষ করে কর্মজীবী নারীদের বিষয়ে করা মন্তব্যকে তিনি অগ্রহণযোগ্য ও কলঙ্কজনক বলে আখ্যা দেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার ও মর্যাদা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা হবে। নারীদের কর্মঘণ্টা সীমিত করার প্রস্তাবকে তিনি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন এবং সতর্ক করে বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় গেলে নারীদের গৃহবন্দি করার আশঙ্কা রয়েছে।
নারীদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএনপি সবসময় নারীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও অধিকার রক্ষায় কাজ করবে। তিনি নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, গেন্ডারিয়া থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদিরসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
