পল্লবীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজধানীর পল্লবী এলাকায় একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, নিহত চারজনের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান রয়েছে। খবর পাওয়ার পর পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

ওসি জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে—পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণসংক্রান্ত জটিলতায় ভুগছিল। আর্থিক চাপ ও মানসিক হতাশা থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *