বান্দরবানে জেএসএস সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

1 Min Read
ছবি: আইএসপিআর

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার এলাকায় ‘জেএসএস (মূল)’ এর সশস্ত্র দলের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল আনুমানিক বিকেল ৫টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানকালে সশস্ত্র সন্ত্রাসীদের দলটিকে অবৈধভাবে চাঁদা আদায়কালে শনাক্ত করতে সক্ষম হয় সেনা সদস্যরা।

পরিস্থিতি বিবেচনায় জেএসএস (মূল) সদস্যরা পালানোর চেষ্টাকালে সেনাবাহিনীর টহল দলের ওপর গুলিবর্ষণ করে। সেনাবাহিনীর টহল দলও পাল্টা গুলিবর্ষণ করে তাদের ধাওয়া করে। প্রথমে তারা একটি স্কুল ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

এই অভিযানে সেনা টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামক এক সশস্ত্র জেএসএস (মূল) সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য পুলিশের সহায়তায় জরুরী ভিত্তিতে তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১টি সাবমেশিনগান (এসএমজি), ১৪৩ রাউন্ড এসএমজি অ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তলের অ্যামোনিশন, ৫ রাউন্ড ব্লাঙ্ক অ্যামোনিশন, ২টি অস্ত্রের ম্যাগাজিন এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে আইএসপিআর জানায়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *