বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি : পিএমও

বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্বসভায় মর্যাদার আসন লাভ করবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সাহিত্য চর্চা আরও বিকশিত হলে বাংলাদেশ বৈশ্বিক পরিমণ্ডলে নতুন উচ্চতায় পৌঁছাবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক ২০২৬ প্রদান শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক প্রবর্তন করেন। এই পদক শুধু সম্মাননা নয়, বরং ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের ইতিহাস-ঐতিহ্য ও কৃতীজনদের অবদানের স্বীকৃতি বহন করে।

তিনি জানান, ১৯৭৬ সালে তিনটি ক্ষেত্রে পুরস্কার প্রদানের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্তত ১২টি ক্ষেত্রে এ সম্মাননা দেওয়া হচ্ছে। শিক্ষা-গবেষণা ও শিল্প-সাহিত্যকে রাজনীতিকরণের বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেন, জ্ঞানচর্চার জন্য উদার ও নৈতিক গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

ফেব্রুয়ারির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একুশে ফেব্রুয়ারি জাতির আত্মপরিচয়ের প্রতীক। ভাষা শহীদদের স্মরণ করে তিনি তাদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহীদি মর্যাদা কবুলের জন্য প্রার্থনা জানান।

উল্লেখ্য, এ বছর একুশে পদক পেয়েছেন- চলচ্চিত্রে অবদানের জন্য ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ সংগীত দল হিসেবে পুরস্কার পেয়েছে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনে অংশ নেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *