মধ্যপ্রাচ্যের সংঘাতে চার বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী

নিহতদের মধ্যে একজন বাহরাইনে, একজন দুবাইয়ে এবং দুজন সৌদি আরবে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত আহম্মেদ আলীর মরদেহ গ্রহণের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি - পিআইডি

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের চলমান সংঘাত শুরুর পর থেকে বিভিন্ন দেশে চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। নিহতদের মধ্যে একজন বাহরাইনে, একজন দুবাইয়ে এবং দুজন সৌদি আরবে মারা গেছেন।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা আহম্মেদ আলীর মরদেহ গ্রহণের সময় প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, সৌদি আরবে নিহত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে। এ পরিস্থিতিতে আটকে পড়া যাত্রীদের আবাসনসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে আহত কয়েকজন বাংলাদেশি বর্তমানে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশি দূতাবাস ও মিশনের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা পাচ্ছেন।

এ সময় প্রতিমন্ত্রী প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সংঘাতপ্রবণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো বিষয়বস্তু প্রকাশ না করার পরামর্শ দেন, যা সংশ্লিষ্ট দেশের আইন লঙ্ঘনের কারণ হতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ বিষয়ে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *