দেড় দশক পর পুলিশে ফিরলেন সাবেক ডিএমপি ডিসি কোহিনূর

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
কোহিনূর মিয়া। ছবি: সংগৃহীত

প্রায় ১৫ বছর পর চাকরিতে ফিরলেন আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়া। রাষ্ট্রপতির পুনর্বিবেচনার পর তার বরখাস্তের আদেশ বাতিল করে তাকে সরকারি চাকরিতে পুনর্বহাল করেছে সরকার।

সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, রাষ্ট্রপতি তার বরখাস্তের গুরুদণ্ড পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেছেন। ফলে তার চাকরি থেকে বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বরখাস্তকালীন সময়কে চাকরিকাল হিসেবে গণ্য করে তাকে প্রাপ্য বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

মো. কোহিনূর মিয়া বিসিএস ১২ ব্যাচের পুলিশ কর্মকর্তা। তিনি সর্বশেষ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তবে বিভিন্ন ঘটনায় বিতর্কের মুখে পড়ে ২০০৯ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

দীর্ঘ দেড় দশক পর বর্তমান সরকারের সিদ্ধান্তে তার বরখাস্তের আদেশ বাতিল করা হলো।

কোহিনূর মিয়ার নাম প্রথম আলোচনায় আসে ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ঘটনায়। ওই বছরের ২৩ জুলাই গভীর রাতে আন্দোলনরত ছাত্রীদের ওপর পুলিশি অভিযানের ঘটনায় তার ভূমিকা নিয়ে সমালোচনা হয়।

এ ছাড়া ময়মনসিংহের পুলিশ সুপার থাকাকালে ২০০৪ সালের নান্দাইল পৌরসভা নির্বাচনে সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলাতেও তার নাম জড়ায়। ২০০৭ সালে ওই ঘটনায় নতুন করে মামলা হলে পরে তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ২৪ নভেম্বর ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত কোহিনূর মিয়া ও সাবেক পৌর মেয়র আব্দুস ছাত্তারকে খালাস দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই একই অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলায় আদালত তাকে নির্দোষ ঘোষণা করেছেন। এ কারণে তার বরখাস্তের গুরুদণ্ডাদেশ পুনর্বিবেচনার মাধ্যমে বাতিল করা হয়েছে।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *