ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার এক চিঠিতে তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। সূত্র – ডন।
এর একদিন আগে ইরানের বিশেষজ্ঞ পরিষদ নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনিকে মনোনীত করে। তিনি তার বাবা আলী খামেনির স্থলাভিষিক্ত হন।
পিএমওর বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী মুজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, তিনি ইরানকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন।

একই সঙ্গে তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির ‘শাহাদাতে’ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান। শেহবাজ শরীফ বলেন, তার মৃত্যুতে পাকিস্তানের জনগণ গভীরভাবে শোকাহত এবং এই কঠিন সময়ে তারা ইরানের নেতৃত্ব ও জনগণের পাশে রয়েছে।
চিঠিতে শেখবাজ শরিফ উল্লেখ করেন, পাকিস্তান ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক অভিন্ন বিশ্বাস, ইতিহাস, সংস্কৃতি ও ভাষার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তিনি দুই দেশের জনগণের স্বার্থে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
চিঠিতে তিনি মুজতবা খামেনির সুস্বাস্থ্য, কল্যাণ ও সাফল্য কামনা করেন এবং ইরানের জনগণের জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।
এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি নতুন নেতার প্রতি শুভকামনা জানিয়ে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির আশা প্রকাশ করেন।
