জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাংবাদিকদের উদ্দেশে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে তাদের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, বিরোধী দল হিসেবে আমরা আপনাদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছি। তবে সরকারি দলকেও এই নিশ্চয়তা দিতে হবে।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর ইস্কাটনের ঢাকা লেডিস ক্লাবে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে সাংবাদিকদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এই আশ্বাস দেন। তিনি সাংবাদিকদের বিবেক অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সক্রিয় থাকার প্রতিশ্রুতি দেন।
শফিকুর রহমান বলেন, আমরা এখন শুধু সফলতা চাই। একটা ঐক্যবদ্ধ জাতি আমরা দেখতে চাই। জাতীয় ইস্যুতে ও স্বার্থে কারও সঙ্গে আপস করব না। তিনি জানিয়েছেন, ক্ষমতাসীন বিএনপি যদি জাতীয় স্বার্থে অনড় থাকে, জামায়াত পাশে থেকে শক্তি যোগাবে। তবে সরকারি দল যদি বিচ্যুত হয়, তাদের সঠিক পথে আনার চেষ্টা করা হবে, না হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি সাংবাদিকতাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে অভিহিত করে বলেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদের কবলে পড়ে আমাদের সংবাদমাধ্যমের প্রত্যাশা ক্ষুণ্ণ হয়েছিল। সরকারিভাবে সাংবাদিকদের ওপর নির্যাতনের মাধ্যমে যারা সাদাকে সাদা, কালোকে কালো বলে, তাদের কণ্ঠ স্তব্ধ করা হয়েছিল।
শফিকুর রহমান আরও বলেন, বর্তমানে আমরা বিরোধী দলে থাকলেও সাংবাদিকদের কণ্ঠ রক্ষা আমাদের অঙ্গীকার। সরকারও এ দায়িত্ব পালন করবে। রাষ্ট্রের সব অঙ্গ সঠিকভাবে কাজ করতে হলে সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করা অত্যাবশ্যক।
ইফতার মাহফিলে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল সভাপতিত্ব করেন। সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাসান হাফিজুর রহমান, মহাসচিব কাদের গনি চৌধুরী, সাবেক মহাসচিব এম এ আজিজ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ, প্রবীণ সাংবাদিক সালাহউদ্দিন বাবর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম এবং জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
