আজ ১৫ মার্চ রোববার অমর একুশে বইমেলা ২০২৬–এর শেষ দিন। মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মেলার সমাপনী অনুষ্ঠান।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর প্রতিবেদন উপস্থাপন করবেন মেলার সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
প্রতিবারের মতো এবারও মেলায় বিভিন্ন স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। ২০২৫ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান কথা প্রকাশ চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার পাচ্ছে। গুণমান ও শৈল্পিক বিচারে সেরা গ্রন্থ প্রকাশের জন্য মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পাচ্ছে ঐতিহ্য, প্রথমা প্রকাশন ও দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। শিশুতোষ গ্রন্থ প্রকাশে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড পাচ্ছে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার।
এছাড়া নতুন অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে গুণগতমানের বিচারে সহজ প্রকাশ পাচ্ছে সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার। নান্দনিক অঙ্গসজ্জার জন্য শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার পাচ্ছে ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স, মাত্রা প্রকাশ এবং বেঙ্গল বুকস।
এদিকে মেলার আগের দিন শনিবার ছিল শিশুপ্রহর। সকাল ১১টায় মূল মঞ্চে কবিতা আবৃত্তি অনুষ্ঠানে প্রায় ৩০ জন কবি ও আবৃত্তিশিল্পী অংশ নেন। বিকেলে ‘জন্মশতবর্ষ: মুসলিম সাহিত্য সমাজ’ শীর্ষক আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন মোরশেদ শফিউল হাসান এবং আলোচনায় অংশ নেন মমতাজ জাহান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
মেলায় শনিবার নতুন বই এসেছে ১৫৭টি। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
