বিএনপি সংস্কার মানছে না অভিযোগ নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ফাইল ছবি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কারগুলো বিএনপি মানছে না। তিনি বলেন, বিএনপি তাদের মনমতো ইশতেহারের ভিত্তিতে সংস্কার করতে চায়। এর ফলে ঐকমত্য কমিশন ও দীর্ঘ আলোচনা সব ব্যর্থ হয়ে যাবে এবং বিষয়টি আগেই জাতির সামনে পরিষ্কার করা উচিত ছিল।

সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকায় ন্যাশনাল বাংলা স্কুল প্রাঙ্গণে এনসিপির ঢাকা মহানগর উত্তর কমিটির আয়োজনে ইফতার ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম এসব মন্তব্য করেন।

তিনি বলেন, পরবর্তী অধিবেশনে বিএনপির গণভোট বা গণরায় সংক্রান্ত অবস্থান স্পষ্টভাবে জানতে চাওয়া হবে। এরপর এনসিপি তাদের চূড়ান্ত অবস্থান ঘোষণা করবে। নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপি এখন গণভোটের পুরো বিষয়টিকেই মানছে না। মূল সংস্কারগুলোতে উচ্চকক্ষ, বিচার বিভাগীয় স্বাধীনতা, ডেপুটি স্পিকারের নিয়োগ, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগ সবই অন্তর্ভুক্ত ছিল। আমরা তখনও সকল দ্বিমত মেনে গণভোটে অংশগ্রহণ করেছি।

নব্বইয়ের গণঅভ্যুত্থানের উদাহরণ দিয়ে নাহিদ ইসলাম বলেন, ত্রিদলীয় জোটের রূপরেখা তখনও বিএনপি সরকারে এসে মানা হয়নি। এর ফলে সংসদীয় রাজনীতি দুর্বল হয়েছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি ফ্যাসিবাদের দিকে গিয়েছে। তিনি সতর্ক করেন, ইতিহাস থেকে শিক্ষা নেবে নাকি পুনরাবৃত্তি করবে, তা বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফ্যামিলি কার্ড দিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন। এছাড়া ইমাম ও পুরোহিতদের ভাতার বিষয় সমালোচনা করে তিনি বলেন, মৌলিক কাঠামোগত পরিবর্তন আনতে হবে, এই ধরনের লোভ দেখানো ও স্ট্যান্ডবাজি বন্ধ করতে হবে। আগে চলত শেখ হাসিনার কেরামতি, এখন চলছে তারেক রহমানের। এসব বন্ধ হলে দেশের মানুষ শান্তি পাবে।

এ সময় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেন।

সভায় এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সভাপতিত্বে এবং সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম সাগরের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব ও জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল প্রমুখ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *