দোকানপাট ও শপিংমল বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে রাত ৭টায় বন্ধ হবে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ও পহেলা বৈশাখ সামনে রেখে দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময়সীমা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। নতুন সময়সূচি আজ থেকেই কার্যকর হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, এর আগে শনিবার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সন্ধ্যা ৬টার সময়সীমা বহাল রাখার কথা বলেছিলেন। তবে ব্যবসায়ীদের দাবির মুখে বিষয়টি পুনর্বিবেচনা করে সরকার নতুন সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, গত ২ এপ্রিল জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। যদিও রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে নিউমার্কেটসহ বেশ কিছু বাণিজ্যিক এলাকায় এ নির্দেশনা পুরোপুরি মানা হয়নি বলে দেখা গেছে।
ব্যবসায়ীদের দাবি ছিল, সন্ধ্যার পর কিছু অতিরিক্ত সময় ব্যবসার জন্য প্রয়োজন। সেই প্রেক্ষাপটেই সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। দেশের বিভিন্ন ফুয়েল স্টেশনে অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইনে ক্লাস চালুর পরিকল্পনা, আলোকসজ্জাসহ বিভিন্ন সরকারি কর্মসূচি বাতিল এবং প্রয়োজনে ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি পুনরায় চালুর চিন্তা।
এছাড়া সরকারি অফিসগুলোতে এসির তাপমাত্রা নির্দিষ্ট মাত্রায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সাইনবোর্ডের আলোকসজ্জা বন্ধ রাখতেও বলা হয়েছে, যাতে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করা যায়।
