গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে ‘অবৈধ’ ঘোষণার হুঁশিয়ারি এনসিপির

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ছবি-সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ‘অবৈধ’ ঘোষণা করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণরায় অমান্য করা হলে তারা বিলম্ব না করে রাজপথে নামবে।

রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন। গণভোটের ফল উপেক্ষা, রাষ্ট্র সংস্কার-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, সরকার গণভোটের রায় না মানলে সেদিন থেকেই তাকে অবৈধ হিসেবে বিবেচনা করা হবে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপে স্বৈরাচারী প্রবণতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা যেমন আমাদের অর্জন নষ্ট করতে সময় নিচ্ছেন না, আমরাও সময় নেবো না।’ তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে বলেন, অতীতের অর্জন রক্ষা না হওয়ায় বড় রাজনৈতিক পরিবর্তন এসেছে, ভবিষ্যতেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে।

গণভোট প্রসঙ্গে তিনি দাবি করেন, এবারের গণভোট রাষ্ট্র কাঠামোগত সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ এতে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে মত দিয়েছে। তিনি আরও বলেন, অতীতের গণভোটের সঙ্গে বর্তমান গণভোটের মৌলিক পার্থক্য রয়েছে।

এনসিপির মুখপাত্র জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিষয়েও সরকারের সমালোচনা করেন এবং এটিকে সংবিধানবিরোধী পদক্ষেপ বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার ও জাভেদ রাসিন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *