বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্ধিত সংযোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, দুই দেশ একসঙ্গে কাজ করলে স্থিতিশীল ও ভবিষ্যৎমুখী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার ক্ষেত্রে অনন্য অবস্থানে রয়েছে।
সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত পরিচালকদের স্বাগত জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ-ভারত অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও উচ্চ পর্যায়ে উন্নীত করার বিষয়ে উভয় পক্ষই আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণে নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
৫০০-র বেশি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত আইবিসিসিআই দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে হাইকমিশনার সংগঠনটির অবদানের প্রশংসা করেন। তিনি ভৌগোলিক নৈকট্যকে বাস্তব অর্থনৈতিক সুযোগে রূপান্তরের ওপর জোর দেন।
প্রণয় ভার্মা আরও বলেন, বাণিজ্যিক সম্পর্ককে আরও বিস্তৃত করে বিনিয়োগ বৃদ্ধি, মূল্য শৃঙ্খল সংযুক্তি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পৃক্ততার দিকে এগিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে আইবিসিসিআইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বৈঠকে ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির উদ্যোগ, সীমান্তবর্তী শুল্ক স্টেশনগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তঃসীমান্ত বাণিজ্য সহজীকরণের বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষই এসব উদ্যোগকে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখছে।
