জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়।
এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, মূত্রনালীর পাথরজনিত সমস্যায় ভুগছিলেন সারজিস আলম। মঙ্গলবার দুপুরের দিকে তার তীব্র পেটব্যথা শুরু হলে তাকে ধানমন্ডির শংকর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং দ্রুত ভর্তি করা হয়।
পরে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সন্ধ্যার পর শুরু হওয়া অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়।
এদিকে, সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
