মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন হার ৭০ শতাংশের বেশি: মন্ত্রিপরিষদ বিভাগ

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর অনুষ্ঠিত সাতটি মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার অষ্টম বৈঠকে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত সাতটি বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বেশির ভাগই বাস্তবায়নের পথে রয়েছে।

এদিকে বৃহস্পতিবারের বৈঠকে জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রতিরক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করে।

এ ছাড়া আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সে (আইবিসিএ) যোগ দেওয়ার সিদ্ধান্তও অনুমোদন পেয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রস্তাবে এ অনুমোদন দেওয়া হয়।

আইবিসিএ হলো বাঘ, সিংহ, চিতা, তুষার চিতা, জাগুয়ার ও অন্যান্য বড় বিড়ালজাতীয় প্রাণী সংরক্ষণে গঠিত একটি আন্তর্জাতিক জোট। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বাংলাদেশ এ জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রিসভা নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেইফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন (জিসিএম)’ বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনাও অনুমোদন করেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ প্রস্তাব উত্থাপন করে। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আন্তর্জাতিক অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশকে ইতিমধ্যে ‘জিসিএম চ্যাম্পিয়ন কান্ট্রি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *