দায়িত্ব পালন শেষে ধীরে ধীরে ব্যারাকে ফিরছে সেনারা: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনেই সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছিল। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ২০২৪ সালের সংকটময় সময়ে সেনাবাহিনী দেশের স্বার্থে দায়িত্ব পালন করেছে। সেই সময়ে বাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

ফায়ারিং প্রতিযোগিতায় অংশ নেওয়া সেনাসদস্যদের প্রশংসা করে ওয়াকার-উজ-জামান বলেন, টানা ১৮ মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও সদস্যরা প্রতিযোগিতায় যে দক্ষতা ও নৈপুণ্য দেখিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান।

গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হয়। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ফরমেশনের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *