চার মোবাইল অপারেটরের কাছে সরকারের বকেয়া ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ফাইল ছবি

দেশে কার্যরত চারটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের কাছে সরকারের মোট রাজস্ব বকেয়া দাঁড়িয়েছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানান।

কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফর রহমানের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য উপস্থাপন করেন।

মন্ত্রী জানান, বকেয়ার মধ্যে গ্রামীণফোনের কাছে ৬ হাজার ১০২ কোটি টাকা, রাষ্ট্রায়ত্ত টেলিটকের কাছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা, রবি আজিয়াটা লিমিটেডের কাছে ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কাছে ৪৭৩ কোটি টাকা পাওনা রয়েছে।

তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রামীণফোনের কাছে। বিটিআরসির ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি বাবদ প্রতিষ্ঠানটির প্রাথমিক পাওনা ছিল ৮ হাজার ৪৯৪ কোটি টাকা। আদালতের নির্দেশে দুই দফায় ২ হাজার কোটি টাকা এবং ভ্যাট সংক্রান্ত মামলার রায়ের পর আরও ৩৯২ কোটি ১৯ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এতে বর্তমানে বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ১০১ কোটি ৮২ লাখ টাকা। এ বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।

রাষ্ট্রায়ত্ত টেলিটকের ক্ষেত্রে লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা ও সামাজিক দায়বদ্ধতা তহবিলসহ বিভিন্ন খাতে মোট বকেয়া ৫ হাজার ৯৫৪ কোটি টাকা। এর মধ্যে ৫ হাজার ৫৫৪ কোটি টাকা ইকুইটিতে রূপান্তরের আবেদন অর্থ মন্ত্রণালয়ে রয়েছে।

রবি আজিয়াটার কাছে ৬১৫ কোটি টাকা বকেয়া রয়েছে, যা মূলত অডিট আপত্তি ও ভ্যাট সংক্রান্ত বিষয়ে। এ নিয়ে মামলাও চলমান বলে সংসদে জানানো হয়।

এদিকে বাংলালিংকের ক্ষেত্রে অডিট আপত্তি ও ভ্যাট মিলিয়ে প্রাথমিক পাওনা ছিল ৮১১ কোটি টাকা। আংশিক পরিশোধের পর বর্তমানে বকেয়া দাঁড়িয়েছে ৪৩০ কোটি টাকা, যার সঙ্গে আরও ৪৩ কোটি টাকার ভ্যাট বকেয়া রয়েছে। এ বিষয়েও আইনি প্রক্রিয়া চলমান।

মন্ত্রী বলেন, বকেয়া আদায়ে আইনগত ও প্রশাসনিক উদ্যোগ অব্যাহত রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *