ঋণ নিয়ে বিরোধ, কুপিয়ে হত্যা করা হলো ব্যাংক কর্মকর্তাকে

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
নিহত আরিফুল ইসলাম, ছবি - সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঋণসংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্রের হামলায় আহত এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

নিহত আরিফুল ইসলাম (৪৫) উত্তরা ব্যাংকের গোপীনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তাঁর বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পিংলু গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম ও অভিযুক্ত আলী হোসেন কসবার গোপীনাথপুর এলাকায় একই বাসায় থাকতেন। আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে সাত থেকে আট লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ওই ঋণকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।

সোমবার রাতে গোপীনাথপুর বাজারে আরিফুল ইসলামের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে সেখানে তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, হামলার অভিযোগ উঠেছে গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের বাসিন্দা আলী হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, ঋণসংক্রান্ত বিরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *