বরিশালের আগৈলঝাড়া থানায় চুরি মামলার এক আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আগৈলঝাড়া থানা চত্বরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, দুই থেকে তিন শতাধিক নারী-পুরুষ মিছিল নিয়ে থানায় প্রবেশ করে হামলা চালান। হামলায় থানার বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয় এবং কয়েকজন পুলিশ সদস্য মারধরের শিকার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হালিম, কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল আমিন ও মেহেদি হাসান রয়েছেন। অন্যদিকে আহত হয়েছেন গ্রেপ্তার হওয়া রিয়াজ ফকিরের মা নাছরিন বেগম, বোন শারমিন আক্তার, মমতাজ বেগমসহ আরও কয়েকজন।
গুরুতর আহত এএসআই আব্দুল হালিমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিয়াজের মা ও বোনসহ কয়েকজন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, চুরি মামলার আসামি রিয়াজ ফকিরকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। ওসির দাবি, থানার হাজতে থাকাকালে তিনি দেয়ালে মাথা আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার বিকেলে রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে থানায় যান। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
ওসি মাসুদ খান বলেন, রিয়াজ মারা যাননি। তিনি বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তবে রিয়াজের পরিবারের অভিযোগ, তাঁকে বিনা কারণে আটক করে পুলিশ মারধর করেছে। রিয়াজের মা নাছরিন বেগম ও বাবা সিদ্দিক ফকির দাবি করেন, পুলিশের নির্যাতনেই তাঁদের ছেলে গুরুতর আহত হয়েছেন।
অন্যদিকে পুলিশ বলছে, রিয়াজের স্বজন ও সমর্থকেরা পরিকল্পিতভাবে থানায় হামলা চালিয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
