প্রখ্যাত অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং ষাটের দশকের ছাত্রনেতা অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগের তারিখ থেকে আগামী পাঁচ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে গণ্য হবেন না। তবে তিনি যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান বা গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত থেকে নিজের পছন্দের বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
এ ক্ষেত্রে গবেষণার বিষয় ও ক্ষেত্র সম্পর্কে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)কে অবহিত করতে হবে। পাশাপাশি তিনি যে শিক্ষা প্রতিষ্ঠান বা গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন, সেখানকার শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বার্ষিক অগ্রগতি প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ইউজিসিতে জমা দিতে হবে। গবেষণার ফলাফলও শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন। তবে এ সময় তিনি অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে যুক্ত হতে পারবেন না।
