তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সেবার মান উন্নয়নে দীর্ঘমেয়াদি ও কার্যকর কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল, ডিজিটাল স্বাস্থ্যসেবা, জবাবদিহিতা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে হাসপাতাল ব্যবস্থাকে আরো উন্নত করা সম্ভব।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে।
এসব উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, সুশাসন ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা গেলে জনগণ আরো দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে।
তথ্যমন্ত্রী আরো বলেন, হাসপাতাল শুধু চিকিৎসা প্রদানের স্থান নয়, এটি মানুষের আস্থার কেন্দ্র। তাই রোগীদের নিরাপদ, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করা জরুরি।
মন্ত্রী বলেন, মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই।
উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে গুরুত্ব দিতে হবে। সরকারের প্রতিটি উদ্যোগে জনগণের কল্যাণ নিশ্চিত করাই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।
ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সভায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর, অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম এবং শেবাচিমের উপপরিচালক ডা. মো. নাজমুল আহসান বক্তব্য রাখেন।
