কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল এলাকা থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে ৩০ লাখ ৭০ হাজার টাকা। এটি সম্প্রতি বান্দরবানের লামায় সংঘটিত এক ডাকাতির ঘটনায় লুট হওয়া প্রায় পৌনে দুই কোটি টাকার একটি অংশ বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৭ মে) রাতে বান্দরবানের লামা থানা পুলিশের সদস্যরা চকরিয়ার সাহারবিল ইউনিয়নের ডাকাত রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে এই টাকাগুলো উদ্ধার করে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও লামা থানার ওসি (তদন্ত) মো. এনামুল হক বলেন, “ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং লুট হওয়া সম্পূর্ণ টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) আব্দুল করিম জানান, গত ৯ মে রাতে লামা পৌরসভার লাইনঝিরি এলাকার আবুল খায়ের টোবাকো কোম্পানির অফিসে হামলা চালিয়ে অজ্ঞাতনামা ১৫-২০ জনের একটি ডাকাত দল ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে নেয়।
পরবর্তীতে পুলিশের ধারাবাহিক অভিযানে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ ও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে প্রথম দফায় ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি বড় হাতুড়ি, চাপাতি, ছুরি ও বোল্ট কাটার উদ্ধার করে পুলিশ।
দ্বিতীয় দফায় শনিবার উদ্ধার হওয়া ৩০ লাখ ৭০ হাজার টাকাসহ এখন পর্যন্ত মোট ৫১ লাখ ৮৭ হাজার টাকার বেশি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, বাকি টাকা উদ্ধারে অভিযান আরও জোরদার করা হয়েছে এবং বাকি ডাকাত সদস্যদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
