প্রাণে বেঁচে ফেরা সাংবাদিক মিরনকে কুয়াকাটায় গণসংবর্ধনা

পটুয়াখালী প্রতিনিধি:

2 Min Read

প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়ে দীর্ঘ চিকিৎসা শেষে কুয়াকাটায় ফিরেছেন সাংবাদিক জহিরুল ইসলাম মিরন। এ উপলক্ষে বুধবার (৪ জুন) সন্ধ্যায় তাকে গণসংবর্ধনা দিয়েছে কুয়াকাটাবাসী। কুয়াকাটা পর্যটন হলিডে কমপ্লেক্স মাঠে আয়োজিত এ সংবর্ধনায় স্থানীয় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ, বন্ধু, স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। অনেকেই মিরনের ফিরে আসাকে ‘অলৌকিক’ এবং ‘আল্লাহর বিশেষ কৃপা’ বলে মন্তব্য করেন। কেউ কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি।

গত ৫ ফেব্রুয়ারি গভীর রাতে কুয়াকাটার নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। বাম হাতের বাহু ও ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। শরীরজুড়ে ছিল ধারালো অস্ত্রের একাধিক কোপ। পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল, পরে কলাপাড়া হাসপাতাল এবং সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরদিন ঢাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে দীর্ঘ ৮ ঘণ্টার অস্ত্রোপচার হয়। এরপর নিবিড় পর্যবেক্ষণ ও টানা ১২০ দিন চিকিৎসায় ছিলেন তিনি।

মিরনের সুস্থ হয়ে বাড়ি ফেরার খবরে কুয়াকাটা পৌর বিএনপি এক সংবর্ধনা ও যুবসমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, মহিপুর থানা বিএনপির সভাপতি মো. আ. জলিল হাওলাদারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক এবং সঞ্চালনা করেন কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সোহেল।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *