লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের প্রস্তুতি

বিশেষ প্রতিবেদক :

2 Min Read

লন্ডন সফরের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী শুক্রবার (১৩ জুন) সকালে লন্ডনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে এই আলোচনার বিষয়টি উত্থাপন করেন তারেক রহমান নিজেই। তিনি জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে আলোচনা করেই বৈঠকের সম্ভাব্য সময় নির্ধারিত হয়েছে।

এ বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা বা কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত সরকার বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বৈঠকটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

অন্যদিকে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সফরকালে তিনি বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

এছাড়াও প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তিনি চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপেও বক্তব্য দেবেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হবে।

প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে আগামী ১৪ জুন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *