সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মারা গেছেন

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।

তাঁর ভগ্নিপতি আশফাক কাদেরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে শামসুল হুদা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে তাঁর মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে জানাজার সময় ও স্থান নির্ধারণ করা হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও মেয়ে রেখে গেছেন।

এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বেই ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রশাসন ক্যাডারের এই অভিজ্ঞ কর্মকর্তা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হন এবং দীর্ঘ কর্মজীবনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন।

চাকরি জীবনে তিনি বাগেরহাটের মহকুমা প্রশাসক (এসডিও), পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *