বাংলাদেশ জয়ে ফিরেছে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৬ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে সফরকারীরা।
প্রথমে ব্যাট করে ৪৫.৫ ওভারে বাংলাদেশ করে ২৪৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তাওহীদ হৃদয় ৫১, জাকের আলী ২৪, শামীম হোসেন ২২ এবং তানজিম হাসান সাকিব ২১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে আসিথা ফার্নান্ডো ৪ উইকেট, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩ উইকেট নেন।
২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৮.৫ ওভারে ২৩২ রানেই গুটিয়ে যায়। শেষদিকে লড়াই জমিয়ে দেন জানিথ লিয়ানাগে। ৮৫ বল খেলে ৭৮ রান করেন তিনি, মারেন ৭টি চার ও ২টি ছয়। নবম উইকেটে চামিরাকে সঙ্গে নিয়ে ৫৮ রানের জুটিতে জয়ের সম্ভাবনা টিকিয়ে রেখেছিলেন। মোস্তাফিজুর রহমানের এক কাটারে ৪৭.২ ওভারে থামেন লিয়ানাগে। এর পরই চামিরাকে (১৩) বোল্ড করে জয় নিশ্চিত করেন তানজিম সাকিব।
বাংলাদেশের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। কুশল মেন্ডিসকে ৫৬ রানে ফেরান তিনি। এরপর থিকশানাকে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ নেন। তার বোলিং ফিগার ১০ ওভারে ৩৯ রান দিয়ে ৫ উইকেট। শামীম হোসেন ৯ ওভারে ২২ রান দিয়ে নেন ১ উইকেট। তানজিম ৩৪ রানে ২ উইকেট, মোস্তাফিজ ও মিরাজ একটি করে উইকেট নেন।
ম্যাচে শুরুর ধাক্কা সামাল দেন শান্ত ও ইমন। শান্ত ফিরেন ১৪ রানে, তবে ইমন তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। পরে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ফিফটি তুলে নেয়া হৃদয় রানআউটে ফেরার পর ইনিংসের শেষ অংশে দায়িত্ব নেন তানজিম। তার ২ চার ও ২ ছয়ের ইনিংসে ২৪৮ রান পর্যন্ত পৌঁছে যায় দল।
এই জয় বাংলাদেশের জন্য অনেকটা স্বস্তির। কারণ টানা সাত ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে ওয়ানডেতে জয়ের দেখা পেল দলটি।
সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচেই এখন নির্ধারিত হবে ট্রফির ভাগ্য।
