ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারে আন্দোলনের ডাক নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে তারা গণঅভ্যুত্থানের পথে এগিয়ে গেছেন। তিনি বলেন, আমরা শুধু নির্বাচন নয়—মানুষের মতপ্রকাশের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সংস্কারসহ একটি ভারসাম্যমূলক রাষ্ট্রব্যবস্থা চাই।

সোমবার (২৮ জুলাই) জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শুধু একটি সরকার থেকে আরেকটি সরকার পরিবর্তনে জনগণের জীবনের মৌলিক পরিবর্তন আসে না। পরিবর্তন আসবে যদি প্রকৃত সংস্কার হয়, যদি সংসদে ক্ষমতার ভারসাম্য থাকে—যেখানে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কথায় রাষ্ট্র চালিত হবে না।

তিনি আরও বলেন, আমরা ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ ৫ আগস্টের আগেই জারি দেখতে চাই। আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে, আমরা নির্বাচন বানচাল করতে চাই। অথচ যদি গণঅভ্যুত্থানের পথে আমরা না যেতাম, তাহলে এই সরকারের অধীনে আর চার বছর অপেক্ষা করতে হতো ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য।

এনসিপির এই নেতা জানান, তার দল জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নিয়ে সংস্কারমূলক নির্বাচন ও নতুন সংবিধানের দাবি জানিয়েছে। পুরনো আইন পরিবর্তন করে দলীয় প্রভাবমুক্ত নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ ও বিচারব্যবস্থা গড়াই আমাদের লক্ষ্য।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান ও সদস্য মসিউর রহমান শুভ।

ডা. তাসনিম জারা বলেন, যে রাষ্ট্রব্যবস্থায় গুম, খুন, দমন-পীড়ন চালানো হয়—সেই ব্যবস্থার অবসান চাই। আমরা এমন রাষ্ট্র চাই না, যেখানে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা থাকবে।

পথসভা শুরুর আগে নাহিদ ইসলাম স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, হরিজন পল্লি পরিদর্শন করেন এবং একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে তমালতলা থেকে শুরু হওয়া ‘জুলাই পদযাত্রা’ শহর প্রদক্ষিণ শেষে ফৌজদারি মোড়ে এসে শেষ হয়।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *