জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে—এ দাবি পুনর্ব্যক্ত করে কোনো ধরনের ‘প্রতারণার সুযোগ’ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন এবার বাধ্যতামূলক এবং এর আইনি ভিত্তি থাকতে হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি সড়কে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “৯০-এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো জনগণ ও ছাত্র সমাজের সঙ্গে প্রতারণা করেছিল। ত্রিদলীয় রূপরেখা তৈরি হলেও তা মানা হয়নি। এবার আমরা প্রতারণার সুযোগ দেব না। জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই। নির্বাচন সেই সনদের ভিত্তিতেই হতে হবে, এবং যে দলই সরকার গঠন করুক, সেই সনদের সংস্কার বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে।”
তিনি আরও বলেন, ৫ আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে অবশ্যই জুলাই সনদ ও ঘোষণাপত্র জারি করতে হবে। এ ব্যাপারে আর কোনো ছাড় নেই। শুধু ঐক্য নয়, বাস্তবায়নের রূপরেখা নিয়েও ঐকমত্য জরুরি।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, নাহিদা সারওয়ার নিভা, আলি নাসের খান, মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, এমএম সোহাইন ও আব্দুল্লাহ আল মুহিম।
এর আগে গাজীপুরের শ্রীপুরে এক দোয়া মাহফিলে শহীদদের স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, আমরা ঘোষণা দিয়েছি—বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করব। এ আদর্শের দোসরদের বিচারের আওতায় আনতে হবে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি, বরং একটি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম চলছে।
তিনি আরও অভিযোগ করেন, গাজীপুরে সন্ত্রাসীরা আমাদের পথসভা ঠেকাতে মহড়া দিয়েছে, ভয় দেখানোর চেষ্টা করেছে। কিন্তু গোপালগঞ্জেও আমাদের থামানো যায়নি, গাজীপুরেও থামানো যাবে না। আমরা ৬৪ জেলায় যাচ্ছি, যাবো। বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ উচ্ছেদ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
