নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়: মেজর (অব.) হাফিজ উদ্দিন

সজল মাহমুদ, রাজশাহী :

3 Min Read

নির্বাচিত সরকার ছাড়া দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

তিনি বলেন, “পতিত সরকার হাজার হাজার কোটি টাকা লুট করেছে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের মাধ্যমে দেশকে অস্থির করে তুলেছে। এখনো হাজারো নেতাকর্মী মামলার হাজিরায় ছুটছেন। তবে আল্লাহ ছাড় দেন, কিন্তু কাউকে ছাড়েন না।”

বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালির পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ বলেন, “যে সরকার একনায়কতন্ত্র কায়েম করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল, জনগণের অধিকার কেড়ে নিয়েছিল—বিএনপির টানা আন্দোলনের কারণে সেই ফ্যাসিস্ট সরকার আজ ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের দিন হিসেবে ইতিহাসে লেখা থাকবে।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। সেই লক্ষ্য নিয়েই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সেই গণতন্ত্র পুনরায় দমন করে। এ থেকে মুক্তির লক্ষ্যে বিএনপি বিগত ১৭ বছর ধরে লড়াই করেছে।”

বিএনপি নেতা জানান, “প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী এসেছে।”

তিনি আরও বলেন, “কিছু রাজনৈতিক দল নির্বাচন চায় না, কারণ তারা জানে—নির্বাচনে একটি আসনও পাবে না। তারা বিচার ও প্রতিশোধ চায়। তবে আমরা বলি, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশে কখনো উন্নয়ন সম্ভব নয়।”

বক্তব্যে মেজর হাফিজ অভিযোগ করে বলেন, “৩৬ জুলাইয়ের গণআন্দোলনের ধারাবাহিকতায় খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। তবে যাওয়ার আগে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করে গেছেন।”

সমাবেশ শেষে আলুপট্টি মোড় থেকে একটি বিজয় র‌্যালি বের হয়, যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-প্ল্যাকার্ড বহন করেন।

- Advertisement -

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আবু সাইদ চাঁদ, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক।
সাইফুল ইসলাম মার্শাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
দেবাশীষ রায় মধু, সদস্য। আবু বকর সিদ্দিক, আহ্বায়ক, পুঠিয়া উপজেলা বিএনপি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারসহ মহানগর ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *